Type Here to Get Search Results !

Translate

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন দুর্দান্ত সাফল্য অর্জন করল টাইগাররা। বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং অসাধারণ এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার ফলেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে। তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরবর্তী টেস্টেও দলটি নিজেদের সেরাটা দিয়ে খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। টেস্ট ক্রিকেটে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় মাইলফলক। আমার বাঙলা/ রাব্বি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.