Type Here to Get Search Results !

Translate

ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারীকে ‘গণধর্ষণের’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রী বি এম ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই (ঢাবি) এক শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে ফাহমিদাকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন।

তাকে হুমকি দিয়ে পোস্ট দেওয়া শিক্ষার্থী আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। আলী হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে ‘গণধর্ষণের’ পদযাত্রা করা উচিত।

আলী হোসেনের ফেসবুক পোস্টের পর বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুক স্ট্যাটাস ও সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।

হুমকি পাওয়া বি এম ফাহমিদা আলম বামপন্থি ৩টি ছাত্র সংগঠন (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল) সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলী হোসেনের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়ে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে লিখেছেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।

এ বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

পরে রাতে আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ।

তিনি আরও লিখেছেন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে। কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার।

রিট করার পর থেকেই ফেসবুকে নানা ধরনের ‘বট অ্যাটাক’ ও ‘বুলিংয়ের’ শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বি এম ফাহমিদা আলম। তার বক্তব্য, ফরহাদের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ থেকে আমি এই রিট করিনি। বিষয়টি আদালতের এখতিয়ারেই মীমাংসা হবে। কিন্তু রিট করার পর থেকেই অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেচনাশীল শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে এমন কাউকে ভোট দেবেন না, যারা নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এফএআর/এএমএ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.