Type Here to Get Search Results !

Translate

বন্যাকবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর ৩৩ ক্যাম্প মোতায়েন

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের ১টিসহ সর্বমোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা প্রদানের নিমিত্তে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা/এনজিও’র মোবাইল নম্বর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে বৃহস্পতিবার একদিনে ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সশস্ত্রবাহিনী কর্তৃক ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

একইসঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ৭ হাজার ৯১০ টন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় আইএসপিআর।

টিটি/জেএইচ



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.